ভিটামিন ডি কম হলে কি ইরেকশন দুর্বল হয়? গবেষণা যা বলছে, আর যা বলছে না

৫ মিনিট রিড · 27 October 2026
ভিটামিন ডি কম হলে কি ইরেকশন দুর্বল হয়? গবেষণা যা বলছে, আর যা বলছে না

"বয়স হয়েছে, তাই ইরেকশন আগের মতো নেই"। অনেক পুরুষ এভাবেই ভাবেন। কিন্তু বয়স একমাত্র কারণ না। রক্তচাপ, ডায়াবেটিস, ওজন, ঘুম, মানসিক চাপ, হরমোন, রক্তনালীর অবস্থা, সবই এতে ভূমিকা রাখে। এর মধ্যে ভিটামিন ডি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বেশ আলোচনা হচ্ছে। তাই দেখা যাক গবেষণা আসলে কী বলছে।

১. ভিটামিন ডি কম থাকলে ED-এর সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে

২০২০ সালের একটি meta-analysis-এ ৮টি observational গবেষণা মিলিয়ে মোট ৪০৫৫ জনকে দেখা হয়েছে। এতে সামগ্রিকভাবে ED আছে ও নেই এমন পুরুষদের ভিটামিন ডি-র মানে বড় পার্থক্য পাওয়া যায়নি। তবে ভিটামিন ডি-র ঘাটতি আছে এমনদের মধ্যে ইরেকশনের স্কোর খারাপ ছিল, আর গুরুতর ED-তে ভিটামিন ডি তুলনামূলক কম পাওয়া গেছে। টেস্টোস্টেরন স্বাভাবিক থাকা পুরুষদের ক্ষেত্রেও একই ধরন দেখা গেছে।

২০২৫ সালের একটি systematic review-ও একই কথা বলছে। মাঝারি থেকে গুরুতর বা রক্তনালীজনিত ED-তে ভিটামিন ডি কম পাওয়ার প্রবণতা আছে, কিন্তু বেশিরভাগ প্রমাণ কম নিশ্চয়তার observational গবেষণা থেকে এসেছে।

২. রক্তনালীর সঙ্গে সম্পর্কটা কোথায়

ইরেকশন আসলে রক্ত চলাচলের ব্যাপার। লিঙ্গের ধমনি শিথিল হয়ে রক্ত ঢুকতে পারলে ইরেকশন হয়, আর এতে নাইট্রিক অক্সাইড বড় ভূমিকা রাখে। একটি review অনুযায়ী, ভিটামিন ডি রক্তনালীর ভেতরের স্তরের (endothelium) কাজ, প্রদাহ ও নাইট্রিক অক্সাইড তৈরির সঙ্গে জড়িত থাকতে পারে। এটা সম্ভাব্য ব্যাখ্যা, প্রমাণিত চিকিৎসা-সিদ্ধান্ত নয়।

৩. কিছু গবেষণা অন্য কথাও বলে

আজারবাইজানের ৯৬৫ জন পুরুষের একটি গবেষণায় ভিটামিন ডি-র সঙ্গে ED-র কোনো স্বাধীন সম্পর্ক পাওয়া যায়নি। সেখানে স্থূলতা ও কম টেস্টোস্টেরন বেশি গুরুত্বপূর্ণ কারণ ছিল।

অস্ট্রেলিয়ার D-Health ট্রায়ালে ৬০ থেকে ৮৪ বছর বয়সী ৮,৯২০ জন পুরুষকে তিন বছর ভিটামিন ডি বা placebo দেওয়া হয়। ED-র হার ছিল প্রায় একই, ৫৯.০% ও ৫৮.৮%। লেখকরা বলেছেন, বয়স্ক পুরুষদের ভিটামিন ডি খাওয়ালে ED প্রতিরোধ বা ভালো হওয়ার সম্ভাবনা কম।

অর্থাৎ ভিটামিন ডি কম থাকা আর ED একসঙ্গে দেখা গেলেও, শুধু ভিটামিন ডি খেলেই ইরেকশন ঠিক হয়ে যাবে, এমন প্রমাণ এখনো নেই।

৪. টাডালাফিলের সাড়ার সঙ্গে সম্পর্ক

২০২৬ সালে চীনে ১৭২ জন ED রোগীর একটি prospective cohort গবেষণা হয়েছে। এঁরা দৈনিক ৫ মিগ্রা টাডালাফিল নিয়েছেন। যাঁদের ভিটামিন ডি ২০ ng/mL বা তার বেশি ছিল, তাঁদের সাড়া তুলনামূলক দ্রুত এসেছে। লেখকরা বলছেন, ভিটামিন ডি চিকিৎসার সাড়া অনুমান করার একটি সূচক হতে পারে। এটি supplement দিয়ে করা ট্রায়াল না, তাই "ভিটামিন ডি দিলে ওষুধ ভালো কাজ করবে" এটা এখান থেকে বলা যায় না।

৫. তাহলে কী করবেন?

ED থাকলে শুধু ভিটামিন ডি নয়, পুরো ছবিটা দেখুন। রক্তচাপ, সুগার (HbA1c), কোলেস্টেরল, ওজন, ঘুম, ধূমপান, ওষুধ, মানসিক চাপ ও প্রয়োজনে হরমোন।

ভিটামিন ডি পরীক্ষা করতে চাইলে রক্তে 25-hydroxy Vitamin D (25(OH)D) করুন। শুধু "নরমাল" না, আসল মানটা জানুন। সাধারণত ২০ ng/mL-এর নিচে হলে ঘাটতি ধরা হয়, ল্যাব ভেদে একটু ভিন্ন হতে পারে।

ঘাটতি থাকলে ডাক্তারের পরামর্শে পূরণ করুন। নিজে থেকে বেশি ডোজে খাবেন না।

ঘাটতি না থাকলে শুধু ED-র জন্য ভিটামিন ডি খাওয়ার যুক্তি দুর্বল।

ED বারবার হলে দেরি না করে মূল্যায়ন করান। এটা অনেক সময় হৃদরোগ বা ডায়াবেটিসের আগাম সংকেত হতে পারে।

শেষ কথা

ভিটামিন ডি ED-র "এক নম্বর সমাধান" না। কিন্তু ঘাটতি থাকলে সেটা ঠিক করা ভালো, আর ED-র আসল কারণ খুঁজে চিকিৎসা নেওয়াটাই আসল কাজ।

আপনার কি রিপোর্টে ভিটামিন ডি কম এসেছে? সঠিক মূল্যায়ন ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:
The Pelvic Physio, বনানী, 01939417429, +880 1349241785

ডা. তরিকুল ইসলাম, পিটি
পেলভিক হেলথ এন্ড মাস্কুলোস্কেলেটাল ফিজিও
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব ফিজিও

রেফারেন্স (PubMed)

Crafa et al., 2020, Nutrients, meta-analysis: https://pubmed.ncbi.nlm.nih.gov/32422943/

Duarte Romero et al., 2024, Clinical Nutrition ESPEN, D-Health Trial: https://doi.org/10.1016/j.clnesp.2024.01.011

Crafa et al., 2023, Biomolecules, mechanisms overview: https://doi.org/10.3390/biom13060930

Matukaitienė et al., 2025, J Clin Med, systematic review: https://doi.org/10.3390/jcm14248630

Sholan et al., 2025, Arch Ital Urol Androl, Azerbaijan study: https://doi.org/10.4081/aiua.2025.14061

Yang et al., 2026, Int J Impot Res, tadalafil cohort: https://doi.org/10.1038/s41443-026-01242-7

← সব ব্লগে ফিরে যান

আরও পড়ুন