পেলভিক ফ্লোর দুর্বল হলে কী কী সমস্যা হতে পারে?
অনেকেই পেলভিক ফ্লোর পেশির কথা জানেন না। অথচ প্রস্রাব নিয়ন্ত্রণ, পায়খানা নিয়ন্ত্রণ এবং যৌনস্বাস্থ্যের সঙ্গে এই পেশিগুলোর গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।
সহজ করে বললে, পেলভিক ফ্লোর হলো পেলভিসের নিচের দিকে থাকা একদল পেশি। এগুলো মূত্রাশয়, অন্ত্রসহ পেলভিক অঙ্গগুলোকে সাপোর্ট দেয়।
পেলভিক ফ্লোর দুর্বল হলে কীভাবে বুঝবেন?
কিছু সাধারণ লক্ষণ হতে পারে—
— কাশি বা হাঁচির সময় প্রস্রাব বের হয়ে যাওয়া
— প্রস্রাব ধরে রাখতে কষ্ট হওয়া
— বারবার প্রস্রাবের চাপ অনুভব করা
— প্রস্রাবের পরও পুরোপুরি খালি হয়নি মনে হওয়া
— পায়খানা বা গ্যাস নিয়ন্ত্রণে সমস্যা
— যৌনক্রিয়ার সময় পেশির নিয়ন্ত্রণ কম মনে হওয়া
— পুরুষদের ক্ষেত্রে কিছু যৌন সমস্যার সঙ্গে পেলভিক ফ্লোরের দুর্বলতা যুক্ত থাকতে পারে
তবে এসব লক্ষণ থাকলেই যে পেলভিক ফ্লোর দুর্বল—এটা ধরে নেওয়া ঠিক নয়। অন্য কারণেও একই ধরনের সমস্যা হতে পারে।
পেলভিক ফ্লোর কেন দুর্বল হতে পারে?
বয়স বাড়া, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ও অতিরিক্ত চাপ দেওয়া, দীর্ঘদিনের কাশি, অতিরিক্ত ওজন, কিছু অপারেশন বা প্রোস্টেট সার্জারির পর পেলভিক ফ্লোরের কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে।
আবার অনেকের ক্ষেত্রে পেশি দুর্বল নয়, বরং অতিরিক্ত টাইট থাকে। দুর্বল ও অতিরিক্ত টাইট পেলভিক ফ্লোরের চিকিৎসা এক নয়।
কেগেল করলেই কি ঠিক হয়ে যাবে?
সবসময় নয়।
কেগেল (Kegel Exercise) মূলত পেলভিক ফ্লোর পেশির একটি নির্দিষ্ট ধরনের ব্যায়াম। পেশি সত্যিই দুর্বল হলে সঠিক নিয়মে করা কেগেল উপকারী হতে পারে।
কিন্তু পেশি আগে থেকেই অতিরিক্ত টাইট থাকলে নিজের মতো করে বেশি বেশি কেগেল করলে অস্বস্তি আরও বাড়তে পারে।
তাই প্রথমে বোঝা দরকার—পেশি দুর্বল, বেশি টাইট, নাকি পেশির নিয়ন্ত্রণ ও সমন্বয়ে সমস্যা আছে।
পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিতে কী করা হয়?
প্রথমে রোগীর সমস্যা ও লক্ষণ বিস্তারিতভাবে জানা হয়। প্রয়োজন অনুযায়ী পেলভিক ফ্লোরের শক্তি, টান, নিয়ন্ত্রণ ও সমন্বয় মূল্যায়ন করা হয়।
এরপর সমস্যার ধরন অনুযায়ী পেলভিক ফ্লোর ট্রেনিং, রিলাক্সেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ব্লাডার ট্রেনিং, জীবনযাত্রার পরিবর্তন বা অন্যান্য প্রয়োজনীয় রিহ্যাব দেওয়া হতে পারে।
সবার জন্য একই ব্যায়াম নয়—সঠিক সমস্যার জন্য সঠিক ব্যায়ামটাই গুরুত্বপূর্ণ।
ফিজিও মো. তরিকুল ইসলাম
পেলভিক হেলথ ফিজিও
BPT – জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর), ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব থেরাপিষ্ট