পেলভিক ফ্লোর অ্যাসেসমেন্ট: কেন প্রয়োজন?
প্রস্রাব ধরে রাখতে সমস্যা, বারবার প্রস্রাব, পেলভিক ব্যথা বা কিছু যৌন সমস্যা হলেই অনেকে কেগেল ব্যায়াম শুরু করেন।
কিন্তু সবার পেলভিক ফ্লোর দুর্বল থাকে না। কারও পেশি দুর্বল, কারও অতিরিক্ত টাইট, আবার কারও পেশি ঠিক সময়ে সংকুচিত বা রিলাক্স করতে পারে না।
পেলভিক ফ্লোর অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হলো সমস্যাটা আসলে কোথায়, সেটা বোঝা।
কোন সমস্যায় অ্যাসেসমেন্ট প্রয়োজন হতে পারে?
কিছু ক্ষেত্রে পেলভিক ফ্লোর মূল্যায়ন উপকারী হতে পারে—
— প্রস্রাব ধরে রাখতে সমস্যা
— হঠাৎ প্রস্রাবের তীব্র চাপ
— বারবার প্রস্রাব হওয়া
— প্রস্রাব শেষে ফোঁটা ফোঁটা পড়া
— পেলভিক বা পেরিনিয়ামে ব্যথা
— পেলভিক ফ্লোর পেশি দুর্বল মনে হওয়া
— প্রস্টেট অপারেশনের পর প্রস্রাব নিয়ন্ত্রণের সমস্যা
— কিছু ক্ষেত্রে ইরেকশন বা বীর্যপাতের সমস্যার সঙ্গে পেলভিক ফ্লোরের ভূমিকা আছে কি না বুঝতে
অ্যাসেসমেন্টে কী দেখা হয়?
প্রথমে আপনার সমস্যার বিস্তারিত ইতিহাস নেওয়া হয়। কখন থেকে সমস্যা, কী করলে বাড়ে বা কমে, প্রস্রাব ও পায়খানার অভ্যাস, ব্যথা এবং প্রয়োজন অনুযায়ী যৌনস্বাস্থ্য সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে।
এরপর প্রয়োজন অনুযায়ী দেখা হয়—
— পেলভিক ফ্লোর পেশির শক্তি
— পেশি অতিরিক্ত টাইট কি না
— পেশি সংকুচিত ও রিলাক্স করার ক্ষমতা
— পেশির নিয়ন্ত্রণ ও সমন্বয়
— শ্বাস-প্রশ্বাসের সঙ্গে পেশির কাজ
— কোমর, হিপ ও আশপাশের পেশির অবস্থা
প্রয়োজনে এবং রোগীর সম্মতি নিয়ে আরও নির্দিষ্ট পরীক্ষা করা হতে পারে। প্রতিটি ধাপ আগে বুঝিয়ে বলা এবং রোগীর স্বাচ্ছন্দ্য ও গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
অ্যাসেসমেন্ট ছাড়া কেগেল করলে সমস্যা কী?
ধরুন আপনার পেলভিক ফ্লোর আগে থেকেই অতিরিক্ত টাইট। আপনি যদি এটাকে দুর্বল ভেবে বারবার কেগেল করেন, তাহলে কিছু ক্ষেত্রে ব্যথা বা অস্বস্তি আরও বাড়তে পারে।
আবার সত্যিই দুর্বল হলে সঠিকভাবে পেশি সক্রিয় করা ও ধীরে ধীরে শক্তি বাড়ানোর প্রয়োজন হতে পারে।
তাই “কেগেল করুন” বলার আগে “কেগেল প্রয়োজন কি না” বোঝাটাই বেশি গুরুত্বপূর্ণ।
অ্যাসেসমেন্টের পর কী হয়?
মূল্যায়নের ফল অনুযায়ী ব্যক্তিভেদে চিকিৎসার পরিকল্পনা করা হয়।
কারও পেলভিক ফ্লোর শক্তিশালী করার ব্যায়াম প্রয়োজন হতে পারে। কারও প্রয়োজন হতে পারে পেশি রিলাক্স করা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ব্লাডার ট্রেনিং বা পেলভিক অঞ্চলের অন্য সমস্যার চিকিৎসা।
অর্থাৎ সবার জন্য একই ব্যায়াম বা একই থেরাপি নয়।
সঠিক অ্যাসেসমেন্ট → সমস্যার ধরন বোঝা → প্রয়োজন অনুযায়ী পেলভিক ফ্লোর রিহ্যাব।
ফিজিও মো. তরিকুল ইসলাম
পেলভিক হেলথ ফিজিও
BPT – জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর), ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব থেরাপিষ্ট